খুলনায় সফরকালে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় এক বাদাম বিক্রেতার সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের সান্নিধ্য পেয়ে দারুণভাবে উচ্ছ্বসিত হন রাজু নামের ওই বাদাম বিক্রেতা। নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কইছি, হাত মেলাইছি, আমার আর কি লাগে! আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক।’ করমর্দনের সময় রাজু প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন। একই সময়ে প্রধানমন্ত্রী উপস্থিত অনেকের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান, কারো সঙ্গে করমর্দন করেন এবং মাথায় হাত বুলিয়ে দেন। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে সরকারি সফরে হেলিকপ্টারযোগে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ১০টা ২৮ মিনিটে সেখানে অবতরণের পর তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান। এ সময় রাস্তার উভয় পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিত সবাই। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি।
পরবর্তীতে সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন স্থান থেকে জলপথে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। সফরের অংশ হিসেবে বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম, জেটি ও প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে। দিনব্যাপী এসব নির্ধারিত সরকারি কাজ সম্পন্ন করে বিকাল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

