ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA) কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি আনন্দঘন গেট-টুগেদার আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সার্বিক মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন আংশিক কমিটি ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু, সিনিয়র সহ-সভাপতি পদে বশির আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান পলাশ মনোনীত হয়েছেন।
সাধারণ সভায় বক্তারা বলেন, হলের সাবেক শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সুদৃঢ় যোগাযোগ বজায় রেখে মাস্টারদা সূর্যসেন হলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত সকল সদস্য সংগঠনের যেকোনো ইতিবাচক ও উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

