ফিলিপাইনে নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলাকালে আকাশে দুটি সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটির আকাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন পাইলট নিহত হয়েছেন। শনিবার ফিলিপাইন বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমান দুটি এক ইঞ্জিনবিশিষ্ট এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান। বিমানগুলো ঘাঁটির সীমানার ভেতরেই বিধ্বস্ত হয়েছে এবং এতে বাইরের কেউ হতাহত হননি। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবাহিনী তাদের এসএফ-২৬০ মডেলের সব বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
উল্লেখ্য, ফিলিপাইনের সামরিক বিমান নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে প্রশিক্ষণ চলাকালীন একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।

