ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার (২৫ অক্টোবর) এই হামলা হতে পারে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। তবে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে একটি বড় চুক্তির সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।
ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে কিনা জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের সেটা বলে দেব?’ সাংবাদিকেরা পুনরায় জানতে চাইলে ওই প্রশ্নকে ‘বোকামিপূর্ণ’ আখ্যা দিলেও তিনি জানান, রোববারই হামলার সম্ভাবনা রয়েছে, আবার একটি চমৎকার সমঝোতা চুক্তিও হতে পারে। ইরান পারমাণবিক অস্ত্র যেন না পায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে দাবি করেন তিনি। সে সময় সাংবাদিক আবারও প্রশ্ন করে বলেন, ‘আমাদের তো জিজ্ঞাসা করতেই হবে। কিন্তু সমস্যা হলো, তারা কি চুক্তি মেনে চলবে।
এর আগে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে আরেকটি ‘এপিক ফিউরি’ নামে ছোট সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও আগে তিনি ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন। অন্যদিকে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক একটি পডকাস্টে মন্তব্য করেন, চলতি সপ্তাহান্তেই ইরানে হামলা চালানো হতে পারে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধক্ষমতা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে ওয়াশিংটন। ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি এবং একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট পাঠানোর পরিকল্পনা রয়েছে। আরব সাগরে থাকা মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী বাঙ্কারবিধ্বংসী বোমাসহ বিপুল পরিমাণ গোলাবারুদ লোড করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রণতরিতে দূর থেকে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের উপযোগী বাঙ্কারবিধ্বংসী বোমা তোলা হচ্ছে।
মার্কিন বিমানবাহী রণতরিতে অবস্থানরত সাংবাদিকদের ভাষ্যমতে, সম্ভাব্য নতুন অভিযানের জন্য মার্কিন বাহিনী সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি যুদ্ধবিমানও তৈরি রাখছে। এসব তৎপরতাকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে বড় আকারের সামরিক হামলার আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া বার্তা সংস্থা এএফপি ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রণতরিতে বিরল এক সফরের সময় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক শেলবি হলিডে বিপুলসংখ্যক গোলাবারুদের বাক্স স্তূপ করে রাখতে দেখেছেন।

