শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এনায়েতপুর ও বেলকুচি এলাকার ৯৬টি মন্দির কমিটির নেতাদের হাতে এসব উপহার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন।
এ সময় বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান সিকদার, পূজা উদ্যাপন পরিষদের বেলকুচি শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক ডা. অমৃত নারায়ণ দে এবং বেলকুচি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শঙ্কর শাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। প্রতিটি ধর্মের মানুষ যাতে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে এই সামান্য উপহার পৌঁছে দেওয়া হয়েছে।’
এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
