সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। বিমানবন্দর এলাকায় গত ১০ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে এক হামলায় শাহেদ আহম্মেদ প্রাণ হারান। তার বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে এবং তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম।
মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইট নম্বর বিএস ৩৬২ যোগে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহেদের মরদেহ নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হবে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মিনিটে তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
নিহতের আর্থিক পাওনা সম্পর্কে জানা গেছে, তার কর্মস্থল সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির পক্ষ থেকে শাহেদের বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদ দূতাবাসে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই অর্থ দ্রুত সময়ের মধ্যে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

