কুমিল্লার লাকসামের নাউটি স্টেশনের আউটারে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি নাউটি স্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল বজায় রয়েছে। ট্রেনের যাত্রী কামাল হোসেন জানান, ট্রেনের সামনের দিকে থাকা অবস্থায় হঠাৎ করেই ট্রেন থেমে যায় এবং কয়েকটি বগি কাত হয়ে পড়ে যায়।
এখন পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

