সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক হামলায় অন্তত দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হামলার ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। আহতরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস এবং নোয়াখালীর সদর উপজেলার দিনমনিরহাটের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আবদুর রহিম। তাদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে বিমানবন্দরটি লক্ষ্য করে চালানো ওই হামলায় তারা আহত হন। গরম ও ধোঁয়ার কারণে তারা জ্ঞান হারিয়ে ফেললেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। দূতাবাস প্রতিনিধি ইতোমধ্যে সৌদি-জার্মান হাসপাতালে তাদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বর্তমানে ভালো আছেন এবং শুক্রবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই বলেও নিশ্চিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার তারা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।

