জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় বড় আশার আলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে টোকিও। এই সফরের মাধ্যমে বিশেষ করে বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক আস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে সরকারি সফর করবেন। গত ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দেয় উভয় দেশ।

সফরের দ্বিতীয় দিন, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম জাপান সফর। ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে নতুন পথ প্রশস্ত করবে।

অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে জাপান দূতাবাসের মতে, বাংলাদেশে বর্তমান সরকারের ব্যবসাবান্ধব নীতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়াও জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে বিনিয়োগের সুযোগ এবং শিল্পখাতে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রীর এই সফরের তালিকায় রয়েছে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং বিভিন্ন ব্যবসায়িক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা। জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, সফরটি বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসায়িক আস্থা বাড়ানো এবং ভবিষ্যতের অর্থনৈতিক উদ্যোগগুলোর জন্য শক্ত ভিত্তি গড়ে তোলার উপায় নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

কার্যক্রমের অংশ হিসেবে জাইকা, জেট্রো এবং জেবিআইসি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে। সফরের সময় তিনি জাপানের চিবা প্রিফেকচারের ফুতসু শহরে একটি এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি নাগোয়ায় টয়োটা কারখানা এবং ইউনিক্লোর সদর দপ্তর পরিদর্শনেরও সম্ভাবনা রয়েছে। এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং চলমান প্রকল্পগুলোকে ত্বরান্বিত করা। এছাড়া প্রধানমন্ত্রীর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর। পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, বেসামরিক বিমান চলাচল, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় সরকার ব্যবস্থা আধুনিকায়নের মতো বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধিতে জাপানের প্রযুক্তিগত সহায়তা নিয়েও আলোচনা হবে। জাপান একই সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে।

আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একত্রে কাজ করার বিষয়েও গুরুত্ব দিতে পারে। জাপান মনে করে, উভয়পক্ষের অগ্রাধিকারগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমেই অভিন্ন লক্ষ্য অর্জন সম্ভব। বিদ্যমান প্রকল্পগুলোতে দৃশ্যমান অগ্রগতি নতুন বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। দেশটির মতে, আলোচনায় অভিন্ন অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেগুলোর বাস্তব সুফল নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকার অবকাঠামোগত উন্নয়ন জাপানের বড় অবদানের দৃষ্টান্ত। ২০২৩ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এই সফরের মাধ্যমে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির যে লক্ষ্য, তা এই সফরের মধ্য দিয়ে গতি পাবে।

শিরোনাম :
নিষেধাজ্ঞা অমান্য: চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার ও কেনাবেচা ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় বড় আশার আলো পরাজিত শক্তির বিরুদ্ধে অস্তিত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান নিয়াজ ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণে জাতীয় জরুরি অবস্থার দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রিজভী: মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত বিলুপ্তির ঝুঁকিতে জনপ্রিয় কলা: ক্যাভেন্ডিশ রক্ষায় নতুন আশার আলো গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন টাইফুন চাম্পির তাণ্ডবে বিধ্বস্ত তাইওয়ান, এবার চীনের পথে ঝড় নিষেধাজ্ঞা অমান্য: চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার ও কেনাবেচা ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় বড় আশার আলো পরাজিত শক্তির বিরুদ্ধে অস্তিত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান নিয়াজ ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণে জাতীয় জরুরি অবস্থার দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রিজভী: মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত বিলুপ্তির ঝুঁকিতে জনপ্রিয় কলা: ক্যাভেন্ডিশ রক্ষায় নতুন আশার আলো গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন টাইফুন চাম্পির তাণ্ডবে বিধ্বস্ত তাইওয়ান, এবার চীনের পথে ঝড়