আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ প্রস্তুত। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার অনুমতি দিলে প্রয়োজনবোধে ক্রসফায়ারের মতো পদক্ষেপও নেওয়া হবে। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডে অবস্থিত শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজনীতিতে কে কখন আসবে বা কে ক্ষমতায় থাকবে, তা আইনশৃঙ্খলা বাহিনীর বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, পুলিশ কঠোর হলে বাহিনীটিকে ফ্যাসিস্ট বলা হয়, আবার নমনীয় থাকলে দুর্বল বলা হয়। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী কাজ করলেও দেশের অভ্যন্তরীণ শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পুলিশের কোনো বিকল্প নেই। জনগণকে ব্ল্যাকমেইল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব পক্ষকে রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে উঠতে হবে। নিজেরা শান্তি না মানলে কেবল দাবির ভিত্তিতে সমাজব্যবস্থা সমৃদ্ধ হবে না বলেও তিনি সতর্ক করেন। আইজিপি বলেন, ‘আমরা (পুলিশ) যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না’—বলেন তিনি। ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেইটা করব। তিনি বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে—ওইটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি।

