ইরানের কেশম দ্বীপের উপকূলে মাছ ধরার দুটি নৌকায় অতর্কিত ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ সকাল সাড়ে ১১টার দিকে মুসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ মাইল দূরে এই হামলার ঘটনাটি ঘটে। এতে নৌকায় থাকা চার জেলের মধ্যে দুজন আহত হয়েছেন এবং বাকি দুজন নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থা ফার্স ও তাসনিমের বরাতে জানা গেছে, হরমোজগান প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপগভর্নর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকারী দল নৌকা থেকে দুজনকে কেশমে নিয়ে এসেছে এবং আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে প্রাথমিক তথ্যের বরাতে এ কথা জানানো হয়েছে।
নিখোঁজ থাকা অপর দুই জেলের সন্ধানে উপকূলীয় এলাকায় জোরদার তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। শত্রুপক্ষের চালানো এই হামলার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

