প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ

ইউক্রেন বিষয়ে গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এক প্রতিবেদনে ভয়ংকর তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, প্রতারণা কিংবা জবরদস্তির আশ্রয় নিয়ে ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে। গত ২৬ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কমিশন জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ স্থানীয় নিয়োগকারী এজেন্ট ও বিভিন্ন সংস্থার সহায়তায় বিদেশি নাগরিকদের পাচার করে সামরিক বাহিনীতে নিয়োগের জোরালো প্রমাণ পেয়েছে।

মোট ৪৮টি দেশের নাগরিকদের রুশ সেনাবাহিনীতে নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত চালিয়েছিল কমিশন। এর মধ্যে ২৯টি দেশের পুরুষ নাগরিকদের ক্ষেত্রে মানবপাচার ও জোরপূর্বক নিয়োগের প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীদের বয়স সাধারণত ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। এদের বেশিরভাগই অর্থনৈতিকভাবে অস্বচ্ছল এবং প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য। বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত, নেপাল এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশের নাগরিক এই তালিকায় রয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের রাশিয়ায় নেয়ার জন্য বিশেষ ব্যবসায়িক ভিসার ব্যবহার করা হয়েছে। রুশ বেসরকারি কোম্পানির আমন্ত্রণপত্রে তাদের প্রলুব্ধ করা হতো। চাকরিপ্রার্থীদের আকর্ষণীয় বেতনের বেসামরিক চাকরির লোভ দেখিয়ে ভিসা ও ভ্রমণের সব ব্যবস্থা করে দিত এজেন্টরা। রাশিয়ায় পৌঁছানোর পর পরিস্থিতি ভিন্ন মোড় নিত। সেখানে রুশ ভাষায় লেখা চুক্তিতে জোরপূর্বক স্বাক্ষর করানো হতো এবং প্রায়ই তাদের পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেয়া হতো। এরপরই বেসামরিক চাকরির পরিবর্তে তাদের ইউক্রেনের যুদ্ধের সম্মুখভাগে উচ্চঝুঁকিপূর্ণ সামরিক দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়েছে।

কমিশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, বাধ্য হয়ে যুদ্ধে নামা এই ব্যক্তিদের অনেকেই ইতোমধ্যে নিহত বা আহত হয়েছেন। এছাড়া অনেককে বন্দি করা হয়েছে কিংবা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রিয়জনদের ভাগ্য জানতে না পেরে পরিবারগুলো দীর্ঘ সময় ধরে চরম মানসিক যন্ত্রণা ও অনিশ্চয়তার শিকার হচ্ছে। কমিশন এই ঘটনাগুলোকে মানবপাচার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। প্রতারণামূলক কর্মসংস্থানের আড়ালে বিদেশি নাগরিকদের সামরিক বাহিনীতে ব্যবহারের এই অপকৌশল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের শোষণের সুযোগ তৈরি করেছে।

প্রতিবেদনে নির্দিষ্ট কতজন বাংলাদেশি এই চক্রের শিকার হয়েছেন বা কতজন হতাহত হয়েছেন, তার কোনো পরিসংখ্যান উল্লেখ করা হয়নি। তবে কমিশন স্পষ্ট করেছে যে, রাশিয়ার সামরিক বাহিনীতে কর্মরত সব বিদেশি নাগরিকই যে মানবপাচারের শিকার, তা নয়। তবুও এই তালিকায় বাংলাদেশের নাম থাকাটা অত্যন্ত উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে।

শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড় প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড় প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না