মরিশাসে মর্মান্তিক এক কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকালে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী একটি বাক্স নামানোর সময় সেটি হঠাৎ তাদের ওপর ধসে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনাটি কীভাবে ঘটল এবং কেন বাক্সটি নিচে পড়ে গেল, তা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুতে মরিশাসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

