দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ও বরেণ্য সংগঠক হারুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে কিডনির নানা জটিল সমস্যায় ভুগতে থাকা এই বর্ষীয়ান সংগঠক বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হারুনুর রশীদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচ মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর সাধারণ সম্পাদক ও পরিচালক পদেও আসীন ছিলেন। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি ও ফিফার মিডিয়া কমিটিতেও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। খেলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এএফসি তাঁকে প্রদান করে ঐতিহ্যবাহী গোল্ডেন অ্যাওয়ার্ড।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক এই সহসভাপতি সাংবাদিকতা ও লিখনীর পর পর্যায়ক্রমে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এবং বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা সংগঠকের সম্মাননা অর্জন করেন।
বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের শারীরিক অবস্থার অবনতির খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ক্রীড়াঙ্গনের শুভানুধ্যায়ীরা। তাঁরা সবাই হারুনুর রশীদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় সর্বস্তরের দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তাঁদের মধ্যে দোয়া ও শুভকামনা জানিয়েছেন শেখ আশরাফ আলী, খোরশেদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফার, কাজী আনোয়ার, ইমতিয়াজ সুলতান জনি, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু, সম্রাট হোসেন এমিলি, শেখ মাসুদ ইকবাল মামুন, আলমগীর হোসেন, জাকির হোসেন, গোলাম গাউস, ইকবাল হোসেন, শহীদ হোসেন স্বপন, নজরুল ইসলাম, প্রাণতোষ, সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু, জি এস হাসান তামিম ও ফারুক আহমেদ।

