চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার বিকেলে ছড়িয়ে পড়া ২ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় মাইক লাগিয়ে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা দুইটা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে এই মাইকিং করা হয়। এতে প্রচারণার আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’-এর নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, মাইকিংয়ের বিষয়টি তিনি অবগত নন এবং এ নিয়ে খোঁজ নেবেন।

