বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকার একটি স্থান থেকে এটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা নিশ্চিত হতে বর্তমানে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।
পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, যে স্থান থেকে তাহসিফের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে মাত্র ৫০ গজ দূরেই মোটরসাইকেলটি পড়ে ছিল। তদন্তের অংশ হিসেবেই ঘটনাস্থলের আশেপাশে অনুসন্ধান চালিয়ে এটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দীপের সঙ্গেই বাসা থেকে বেরিয়েছিলেন তাহসিফ। তদন্তকারী কর্মকর্তারা দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করেছেন।
পিবিআই প্রধান মোস্তফা কামাল জানান, দীপকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বর্তমানে সেই তথ্যগুলো প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। দীপের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে তদন্ত সংস্থাটি।

