হিমালয়ের দেশ ভুটানের গাসা জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিন্টাফু হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে মো ছু নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘গাসা শাচু’র সব স্থাপনা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তবে স্থানীয় প্রশাসন সতর্কতার অংশ হিসেবে আগেই মানুষ সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভুটানে চিহ্নিত ১৭টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদের মধ্যে শিন্টাফু অন্যতম, যা এই নদীর উৎসস্থলে অবস্থিত।
হ্রদ থেকে উপচে পড়া পানির তীব্র স্রোতে গাসা শাচু উষ্ণ প্রস্রবণটি তলিয়ে গেছে এবং পুনাখা-গাসা সড়কের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুনাখায় অবস্থিত একটি সেচ প্রকল্পও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বন্যার পানি ইতোমধ্যে পুনাখা জং থেকে প্রায় আট কিলোমিটার দূরের স্রিগাং এলাকা পর্যন্ত পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভুটান কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাচ্ছে।
বন্যার পানির গতিপ্রকৃতি ও নদী তীরবর্তী এলাকার ঝুঁকির কথা মাথায় রেখে ভারতের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামের জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে আসামের ধুবড়ি এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা। এছাড়া সংকোশ নদীর তীরবর্তী বাসিন্দাদের বিশেষ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছে কোচবিহার প্রশাসন। হিমবাহ গলে সৃষ্ট এই বন্যা ভারতের নিম্নাঞ্চলীয় এলাকাগুলোতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

