রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোররাতে তার অটোরিকশা রাখার ঘর থেকে শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে তিনি দেখেন, তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বাড়ির পাশের মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। সোহেলের চিৎকারে মুসল্লিরা বেরিয়ে এসে চোরদের ধাওয়া করেন এবং মসজিদের মাইকে বিষয়টি প্রচার করেন। প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় অটোরিকশাটি রেখে রেজাউল ও সাদিকুল ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অটোরিকশা মালিক সোহেল জানান, মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময়ও তিনি অটোরিকশাটি অক্ষত অবস্থায় রেখেছিলেন। পরবর্তীতে মেয়ের কান্নার শব্দে ঘুম ভাঙলে অটোরিকশার ঘরে অস্বাভাবিক শব্দ শুনতে পান। তার স্ত্রী চুরির বিষয়টি জানালে তিনি দ্রুত বারান্দা দিয়ে বের হয়ে যান। সোহেল অভিযোগ করেন, চোরদের বাধা দিতে গেলে তারা তাকেসহ অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এতে তিনি মাটিতে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান। পরে অটোরিকশাটি ছেড়ে দিয়ে চিৎকার করলে মুসল্লিরা তাদের ধাওয়া দেয়। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে আধা কিলোমিটার দূরে ক্যানেলের ধারে অভিযুক্তদের মৃত্যু হয়েছে।

