ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন ২৬তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসে দাপট দেখিয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। চলচ্চিত্র, অভিনয় ও কারিগরি মিলিয়ে মোট ১২টি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবিটি। আইফার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আয়োজকেরা শনিবার বিজয়ী তালিকার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়ার পাশাপাশি এককভাবে একাধিক ক্যাটাগরিতে সাফল্য পেয়েছেন ‘ধুরন্ধর’-এর নির্মাতারা। আদিত্য ধর সেরা পরিচালক হওয়ার পাশাপাশি সেরা মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের স্বীকৃতিও অর্জন করেছেন। সিনেমাটির মূল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং। এ ছাড়া ছবিটির অন্যান্য চরিত্রে দারুণ অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সঞ্জয় দত্ত এবং নেতিবাচক চরিত্রে অক্ষয় খান্না সেরা অভিনেতার স্থান দখল করেন। কারিগরি খাতেও ‘ধুরন্ধর’-এর জয়জয়কার ছিল; শাশ্বত সচদেব সেরা সংগীত পরিচালক, বিকাশ নওলাখা সেরা চিত্রগ্রাহক, শিবকুমার ভি পানিকার সেরা সম্পাদক এবং বিশ্বদীপ চট্টোপাধ্যায় সেরা শব্দ পরিকল্পক হিসেবে পুরস্কৃত হয়েছেন। ‘ধুরন্ধর’-এর ১২ পুরস্কার এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ধুরন্ধর’।
রোমান্টিক ধারার চলচ্চিত্র ‘সাইয়ারা’ মোহিত সুরির পরিচালনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে নজর কেড়েছে। এতে অভিনয়ের জন্য আনীত পাড্ডা সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এবং তাঁর সহশিল্পী আহান পান্ডে পান সেরা নবাগত অভিনেতার সম্মাননা। সংগীতের ক্ষেত্রেও ছবিটি সাফল্য পেয়েছে; সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল, সেরা পুরুষ প্লেব্যাক গায়ক ফাহিম আবদুল্লাহ এবং নারী বিভাগে পুরস্কৃত হয়েছেন শ্রেয়া ঘোষাল। অন্য দুটি মূল ধারার সিনেমায় ‘আজাদ’-এর মাধ্যমে সেরা নবাগত অভিনেত্রী হন রাশা থাদানি এবং ‘জলি এলএলবি ৩’-এ অভিনয়ের সুবাদে হুমা কুরেশি পান সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
ডিজিটাল বা ওটিটি মাধ্যমে আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যা***স অব বলিউড’ সেরা সিরিজসহ মোট চারটি পুরস্কার নিজের নামে করেছে। আরিয়ান খান এখানে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিরিজটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে রাঘব জুয়াল, সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অনন্যা সিং এবং সেরা টাইটেল ট্র্যাকের সম্মাননা দেওয়া হয়েছে। ওটিটি সিরিজের আরেক জনপ্রিয় কাজ ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত, সেরা অভিনেত্রী তিলত্তমা সোম এবং সিরিজটি পায় সেরা মৌলিক গল্পের স্বীকৃতি। নন-স্ক্রিপ্টেড ও তথ্যচিত্র শাখায় সেরা রিয়েলিটি শো হয়েছে ‘দ্য ট্রেইটরস’ এবং সেরা তথ্যচিত্রের খেতাব পেয়েছে ‘দ্য রোশানস’। ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত।
ডিজিটাল চলচ্চিত্রে ‘বারামুল্লা’ সেরা ছবি ও সেরা মৌলিক গল্পের দ্বৈত পুরস্কার জয় করেছে। অন্যদিকে ‘স্টোলেন’ ছবির জন্য করণ তেজপাল সেরা পরিচালক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা অভিনেতা নির্বাচিত হন এবং ‘মিসেস’ সিনেমার জন্য সানিয়া মালহোত্রা সেরা অভিনেত্রীর স্বীকৃতি লাভ করেন। আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটাগরিতে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিজয়ী হয়েছে। এ ছাড়া ঐতিহাসিক পটভূমির সিনেমা ‘ছাওয়া’ কারিগরি বিভাগে বেশ কয়েকটি পুরস্কার বাগিয়ে নেয়—যার মধ্যে এ আর রহমান পান সেরা আবহসংগীতের পুরস্কার, অলক দে পান সেরা সাউন্ড মিক্সিং এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার পান অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।

