ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের জন্যঘোষিত বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। মাথায় আঘাত পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তাঁর পরিবর্তে বাংলাদেশ দলভুক্ত হয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করার পর ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল। পরে কনকাশন সাব হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন জাকের আলী। এবার দ্বিতীয় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন মুমিনুল। প্রথম টেস্টের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে বিসিবি।
চিকিৎসা ও কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় চোট পেলে যেকোনো ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে সাত দিনের বিশ্রামে থাকতে হয়। মূলত এই বিধিনিষেধের কারণেই মুমিনুলকে সিলেট টেস্টের বাইরে রাখা হয়েছে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাঁর স্থলাভিষিক্ত হওয়া অমিত হাসান। চলতি জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে ৫ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরিসহ ৩৬১ রান সংগ্রহ করেছেন তিনি। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে একজন ক্রিকেটারকে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়।
গত বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল অমিতের। তবে সেই ম্যাচের পর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে রাখা হয়নি। এনসিএলের চলমান রাউন্ডে মাঠের লড়াইয়ে থাকা এই ব্যাটার আবারও সুযোগ পেলেন জাতীয় দলে।

