পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান আকাশের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীনস্থ ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
জানা গেছে, গত বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীনস্থ ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। আয়োজকদের প্রতি স্পষ্টভাবে নির্দেশনা ছিল যেন সাংস্কৃতিক পরিবেশনায় কোনো প্রকার অশ্লীলতা না ঘটে।
তবে প্রতিমন্ত্রীর সেই নির্দেশনা উপেক্ষা করে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব মো. মেহেদি হাসান তুহিনের নির্দেশনায় এই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীলতার বিষয়ে তার পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করা হয়েছে। একইসাথে, এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

