দেশের বাজারে এলপিজির দাম ফের বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার ঘোষণা করা নতুন দর অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসেও এই সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হয়েছিল। গত মাসে নির্ধারিত দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। তবে বাজারে সংকট থাকায় গত দেড় মাস ধরে এই সিলিন্ডার ২২ শ থেকে ২৩ শ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এর ওপর এখন দাম বেড়েছে ২২৩ টাকা।
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি এলপিজির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা। এছাড়া পরিবহনে ব্যবহৃত এলপিজির বা অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে এই নতুন দর। ২০২১ সালের এপ্রিল মাস থেকে বিইআরসি নিয়মিতভাবে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে আসছে। প্রতি মাসেই দাম সমন্বয় করে সংস্থাটি।
সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশে প্রায় এক কোটি এলপিজি গ্রাহক রয়েছেন, যার ৮০ শতাংশই গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। এলপিজি খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রায় এক কোটি গ্রাহক জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করে।
এলপিজি খাতের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করে বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। যদিও গত দুই মাসে আমদানিতে বড় কোনো ঘাটতি ছিল না, তবুও বাজারে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে পণ্যটি সংকটের মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, কমিশনের বেঁধে দেওয়া দাম অনেক ক্ষেত্রেই মানা হয় না এবং বিভিন্ন সময় সরবরাহ সংকটের কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বাড়তি অর্থ আদায় করা হচ্ছে। ফলে নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার। মাঝে মধ্যেই সরবরাহ সংকটের নামে এটি অনেক বেড়ে যায়।

