ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ পরিস্থিতিতে জেলার ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ। মহাসড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই বিজিবি, শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন।
এর আগে গত কয়েক দিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে আসছিলেন। উদ্ভূত ঘটনায় কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। পাশাপাশি, আন্দোলনে অংশ নেওয়া ও উসকানি দেওয়ার অভিযোগে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

