আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো আইনি সুযোগ অবশিষ্ট নেই। সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এই দণ্ড এখন চূড়ান্ত। ১০ নভেম্বর ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দেশের আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজা হলে পাসপোর্ট ইস্যু করা যায় না। তাই দণ্ডপ্রাপ্ত পলাতক কাউকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
তিনি আরও জানান, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ সম্প্রতি ভারতে বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের জন্য আবেদন করেছে। তবে এটি হাস্যকর, কারণ আবেদনটি নিজে শেখ হাসিনা বা তার দলের পক্ষ থেকে করা হয়নি। পররাষ্ট্রমন্ত্রীও এই আবেদনকে অবান্তর বলে অভিহিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, বিচার চলাকালীন শেখ হাসিনা ট্রাইব্যুনালের বিচার এড়িয়ে গেছেন এবং রায় প্রকাশের পর ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করেননি। তার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকলে তিনি আইনি প্রক্রিয়ায় লড়াই করতেন। ভারত সরকারের কাছে মানবিক কারণে আশ্রয়ের অনুরোধ ছাড়া তার অবস্থান নিয়ে আনুষ্ঠানিক কোনো নথিপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিত আবেদন জানাতে পারেন যেন তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে পাঠানো হয়। এটিই একমাত্র সঠিক পথ। কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারকে তিনি এমন কোনো অনুরোধ করেছেন বলে জানা নেই।
তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশত্যাগ করলেও নেতাকর্মীদের রেখে গেছেন। অডিও বার্তার মাধ্যমে তার যে বক্তব্য সামনে আসে, সেগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এখন পর্যন্ত তার কোনো প্রত্যক্ষ ভার্চুয়াল বক্তব্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।

