দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই ও টানাপোড়েনের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনরায় যোগ দিলেন সংস্থাটির আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। আদালত তার চাকরিচ্যুতির আদেশকে অবৈধ ঘোষণা করার পর সব আইনি প্রক্রিয়া শেষে তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কর্মস্থলে যোগ দেন। নিয়ম অনুযায়ী, তিনি এখন থেকে তার হারানো জ্যেষ্ঠতা এবং বকেয়া সব সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা পাবেন। আলোচিত যেসব অনুসন্ধানে পরিচিতি পেয়েছিলেন।
দুদকের নথিপত্র অনুযায়ী, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১০ নভেম্বর দুদকের বর্তমান চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জারিকৃত বিতর্কিত অপসারণ আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে তাকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
স্মরণ করা যেতে পারে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা-২০০৮ এর ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফ উদ্দিনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে নেওয়া এই শাস্তিমূলক ব্যবস্থা সংস্থার ভেতরে ও বাইরে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছিল, যার প্রতিবাদে সংস্থার অনেক কর্মী মানববন্ধনও করেছিলেন।
২০১৪ সালের ১২ অক্টোবর দুদকে যোগদানের পর ২০১৬ সালের ডিসেম্বরে তিনি চট্টগ্রামে বদলি হন।
সেখানে দায়িত্ব পালনকালে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে তিনি ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাজের তালিকায় ছিল কক্সবাজারের ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গাদের অবৈধ পাসপোর্ট তৈরি চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, কর্ণফুলী গ্যাস কোম্পানির অনিয়ম অনুসন্ধান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের দুর্নীতির ১৮২ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ, পদোন্নতি ও সংযোগে অনিয়মের অনুসন্ধান।
চাকরি জীবনে তিনি প্রায় অর্ধশত মামলা ও ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করেছিলেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রভাবশালী মহলের রোষানলে পড়েন এবং প্রাণনাশের হুমকির মুখে সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। ২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় এবং পরবর্তীতে চাকরি থেকে অপসারণ করা হয়।
২০২২ সালের ১৩ মার্চ তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানির পর ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে এবং ৩০ দিনের মধ্যে তাকে পুনর্বহালের আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরে তা পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসে। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত দুদকের আপিল আবেদন খারিজ করে দেওয়ায় হাইকোর্টের রায় বহাল থাকে। এরপর ২৫ অক্টোবর তিনি পুনরায় চাকরিতে ফেরার আবেদন জানান, যা পর্যালোচনার পর ৯ নভেম্বরের কমিশন সভায় গৃহীত হয় এবং ১০ নভেম্বর তা বাস্তবায়িত হয়েছে।

