চার দিনের সরকারি সফর শেষ করে বৃহস্পতিবার টোকিও থেকে দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। সে অনুযায়ী সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা আরোহণও করেছিলেন। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রা বিলম্বিত হয়। বর্তমানে বিমানটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরিয়ে নিয়ে পার্কিং এলাকায় রাখা হয়েছে। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও ত্রুটির কারণে সেটি উড্ডয়ন করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে।
সূত্র জানায়, বোর্ডিং সম্পন্ন হওয়ার পর টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজের ককপিটে স্পয়লার সংক্রান্ত একটি ত্রুটিপূর্ণ সংকেত দেখা দেয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট তাৎক্ষণিকভাবে বিমান উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেন। কন্ট্রোল টাওয়ারের অনুমতি নিয়ে উড়োজাহাজটি পুনরায় পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল মেরামতের কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে প্রকৌশলীরা জানিয়েছেন, স্পয়লারে থাকা ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে আনুমানিক দুই থেকে তিন ঘণ্টা সময় প্রয়োজন। বিমানটির ডানায় থাকা এই স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই নিরাপত্তার খাতিরে এর কার্যকারিতা পরীক্ষা করা জরুরি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলীরা কাজ করছেন এবং মেরামতের কাজ শেষ হলে ও কারিগরি ছাড়পত্র পাওয়া মাত্রই ফ্লাইটটি পুনরায় যাত্রার প্রস্তুতি নেবে।

