দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে রাজধানী তেল আবিবের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুকে একজন ‘বড় চালবাজ’ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটিই দেশটির রাজনৈতিক পরিবর্তনের জন্য সর্বশেষ সুযোগ হতে পারে। নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শনিবার আয়োজিত এই বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, এটিই হয়তো দেশটিতে ‘প্রকৃত পরিবর্তনের শেষ সুযোগ’।
নির্বাচনে নতুন রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ায় বিরোধী দলের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট এর আগে আরব দলগুলোর সঙ্গে জোট গড়ার সম্ভাবনা নাকচ করে দিলেও, বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের জন্য এই দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে। আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ জানান, সাধারণ মানুষ আশা করছে এই ভোটের মাধ্যমেই পরিবর্তনের পথ বেরিয়ে আসবে এবং নেতারা সাধারণ মানুষের এই দাবিকে গুরুত্ব দেবেন। গাদি আইজেনকোট ও ইহুদি-ইসরাইলি অন্য নেতাদের উচিত সাধারণ মানুষের এই জোরালো দাবি মেনে নেওয়া।
সাম্প্রতিক নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে, ফলে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এই নির্বাচনে আরব নেতৃত্বাধীন তিনটি দল একজোট হয়ে ১৯টি আসনে জয়লাভ করে দারুণ সাফল্য দেখিয়েছে। ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘রাআম’ ও ‘জয়েন্ট লিস্ট’-এর বাক্সে প্রায় ৮ লাখ ৪০ হাজার ভোট পড়েছে, যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় ৬৪ শতাংশ বেশি।
এদিকে, নেতানিয়াহু ফিলিস্তিনি-ইসরাইলি দলগুলোর বিরুদ্ধে কাতার থেকে অর্থ এনে নির্বাচন ‘চুরি’ করার চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছেন। তবে কাতার এই দাবি প্রত্যাখ্যান করে একে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে মন্তব্য করেছে। অন্যদিকে, ইসরাইলের চরম ডানপন্থি গোষ্ঠীগুলো আরবদের এই বিপুল ভোট প্রদানকে ‘নির্বাচনি সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছে। এমনকি তারা এই ঘটনাকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার সঙ্গে তুলনা করার চেষ্টা করছে। উল্লেখ্য, সেই হামলায় দক্ষিণ ইসরাইলে ১২০০-এর বেশি মানুষ নিহত এবং শতাধিক মানুষ জিম্মি হয়েছিলেন। সেদিন হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে আক্রমণ চালিয়ে ১,২০০-র বেশি মানুষকে হত্যা এবং শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায়।

