ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। ভারত থেকে দেশে ফেরার প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে তিনি দিল্লির বাংলাদেশ দূতাবাসে এসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালে ক্ষমতা থেকে সরে গিয়ে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই আবেদনের মাধ্যমেই শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তার দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর এই নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি করছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
এর আগে শেখ হাসিনা গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তার সহযোগীদের তথ্য অনুযায়ী, যাবতীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশদাতা হিসেবে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। যদিও নির্বাসনে থাকা শেখ হাসিনা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার সহযোগীরা আজ সোমবার রয়টার্সকে জানান, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
হাসিনার লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের যে উদ্যোগ নিয়েছে, তার প্রেক্ষিতে নতুন নথিপত্র ইস্যু করা জরুরি। তার বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। তবে এই বিষয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাস বা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার নিজস্ব একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছিল। বর্তমানে তার অনেক সহযোগী কারাগারে রয়েছেন অথবা বিদেশের মাটিতে নির্বাসিত জীবনযাপন করছেন। দুই বছর ধরে অস্থিরতার পর সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে, তখন তার এই প্রত্যাবর্তনের উদ্যোগ রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করতে পারে। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিরসনেও এই ইস্যু প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। হাসিনার দলের অনেক কর্মী বর্তমানে কারাবন্দি আছেন অথবা ভারত বা অন্য কোথাও স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন।

