নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চারিদ্রোন পাটোয়ারী বাড়ি এলাকার বাসিন্দা মো. ফকির আহমদ (৫০) পেশায় একজন দিনমজুর। অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি একটি গাভি কিনেছিলেন। বাছুরসহ গাভিটি পরম যত্নে লালন-পালন করছিলেন তিনি। গাভিটির দুধ বিক্রি করে দিনে যা আয় হতো, তা দিয়েই চলত তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলের সংসার। কিন্তু আকস্মিক এক দুর্ঘটনায় সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।
আজ রোববার বেলা ১১টার দিকে ঘাস খেয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের বিদ্যুতের খুঁটির ছেঁড়া তারের সংস্পর্শে আসে গাভিটি। স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল বাশারের ভাষ্যমতে, গাভিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছটফট করতে করতে মারা যায়। ওই সময় গাভির বাছুরটিও কাছাকাছি ছিল। আবুল বাশার দ্রুত বাছুরটিকে সরিয়ে আনলেও গাভিটিকে বাঁচানো সম্ভব হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ঘটনাস্থলে এসে ছেঁড়া তারটি অপসারণ করেন।
কান্নাজড়িত কণ্ঠে ফকির আহমদ জানান, গাভিটির বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। ব্যাংক ঋণের কিস্তি হিসেবে তাঁকে প্রতি মাসে ১১ হাজার টাকা পরিশোধ করতে হয়। তিনি বলেন, ‘গাভিটি ছিল আমার পরিবারের একমাত্র অর্থনৈতিক অবলম্বন। এখন আমি দিশাহারা হয়ে পড়েছি।’ এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা ফকির আহমদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মিনারুল ইসলাম জানান, চারিদ্রোন এলাকায় খুঁটির টানা তার ছিঁড়ে থাকার বিষয়টি আগে কেউ তাদের অবহিত করেনি। তাদের কাছে কোনো অভিযোগ থাকলে আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। তবে দুর্ঘটনার পর অভিযোগ পাওয়ার পরপরই বিদ্যুৎ কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে ছেঁড়া তারটি সরিয়ে নিয়েছেন।

