বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে তার আইনি সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। তারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতা রোধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। গত ৪ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘কমেন্ট সেন্ট্রাল’-এ প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারা কোনো ধরনের দায়মুক্তি বা আগাম বিচারিক সুবিধা চান না, বরং শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত দেখতে চান। বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
আইনপ্রণেতারা চারটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রথমত, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের সময় নির্যাতন বা সহিংসতার ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, তাকে পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও আইনি প্রতিকার প্রদান। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় পুরো বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা। চতুর্থত, রাজনৈতিক প্রতিশোধ ও সহিংসতা রোধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহায়তা দেওয়া।
চিঠিতে ঢাকার ব্রিটিশ হাইকমিশনকে বাংলাদেশ সরকার, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি সম্পর্কেও পররাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার ঐতিহাসিকভাবেই সব ধরনের মৃত্যুদণ্ডের বিরোধী।

