ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার শুরু হচ্ছে। বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের অংশ হিসেবে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। নিয়ম অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসাতে হয়। সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত পরিসরে পরিচালিত হবে এবং আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তা চলবে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত সদস্যরা নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া এবারের অধিবেশনে পাঁচ থেকে ছয়টি নতুন বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে।
অধিবেশন শুরুর আগে গত রোববার জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন, যা উপস্থিত সদস্যরা সমর্থন করেন।
অধিবেশনকে ঘিরে সংসদ সদস্যদের পক্ষ থেকে বিপুল পরিমাণ প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তরের জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর উত্তরের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে জমা পড়া মোট প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনটি সংক্ষিপ্ত রাখা হয়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে।

