জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি সোমবার এই আবেদনপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠির মাধ্যমে এই আবেদন করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। এখন বাংলাদেশের নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত নতুন পরিচয়পত্র ইস্যুর আহ্বান জানিয়েছেন তারা। রয়টার্স জানিয়েছে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
এ বিষয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বর্তমানে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন এবং এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, তার দেশে ফেরার যেকোনো উদ্যোগ বাংলাদেশের অস্থির রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করতে পারে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

