দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে ইমেইলযোগে আসা একটি আবেদনপত্র ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে পাঠানো ওই চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানো হয়েছে। তবে হাইকমিশন ও কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি যে, চিঠিটি আসলে শেখ হাসিনার অনুমোদনেই পাঠানো হয়েছে কি না। কারণ এতে তার নিজস্ব কোনো স্বাক্ষরের প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যে চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের স্পষ্ট করেছেন যে, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট প্রদান করা হবে না। তিনি আইনগত অবস্থান ব্যাখ্যা করে জানান, পলাতক কোনো আসামির জন্য পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। পাশাপাশি, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান আবারও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল, ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই এই আবেদন করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ক্ষমতার অবসান হওয়ার দুই বছর পর তার এই পদক্ষেপে রাজনৈতিক ও আইনি উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তিনি এ পদক্ষেপ নিলেন। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কর্তৃক হাসিনার বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তারা নতুন করে এসব নথি ইস্যুর আবেদন করছেন। যদিও এই চিঠির গ্রহণযোগ্যতা ও সত্যতা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

