ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের বড় ধরনের সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতি থেকেই পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তপ্ত বাক্য বিনিময় ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। এরই মধ্যে উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে প্রায় ৩০-৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণ শুরু করলে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। এসময় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এই সংঘাতের ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

