মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার ২৪ আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিংগাইরের গোবিন্দল গ্রামের মো. জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আটজন হলেন—জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, মামলায় অন্যান্য আসামিদের মধ্যে শামীম ও হাবু মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মজনু মিয়াকে ১ বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ৬ মাস এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্দল এলাকায় আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়। ঘটনার পর নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১০ বছর পর বিচারক এই রায় প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আমিনুর রহমান ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) আ. ফ. ম. নূরতাজ আলম বাহার। তবে আসামি পক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

