তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের বিশেষ ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই চক্রটি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য মাধ্যমের সাহায্যে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরণের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং প্রতারকদের খপ্পর থেকে সাবধান থাকতে জনসাধারণকে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। এতে স্পষ্টভাবে জানানো হয় যে, ‘উদ্যোগ’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কোনো অফিসিয়াল পেজ বা অ্যাকাউন্ট নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই নামে ভুয়া পেজ খুলে প্রতারণামূলক কার্যক্রম চালায়, তবে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই কর্মসূচির সব প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।
ঋণের নিশ্চয়তা দেওয়ার নামে কাউকে কোনো ধরনের অর্থ প্রদান না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। কর্মসূচির নিয়ম অনুযায়ী, সরকার উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে, যার অংশ হিসেবে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’ চালু করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে একযোগে বিতরণ করা হবে। তরুণদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক গত ১৩ সেপ্টেম্বর এর নীতিমালা জারি করেছিল। প্রথম পর্যায়ে আট জেলায় কার্যক্রম শুরুর পর, গত ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলায় আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। পরে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

