মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেই বড় ধরনের সংকটের জন্ম দিয়েছে। তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব।
ইরানি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাতে হোসেইন তাইয়েব দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে স্পষ্ট পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। তিনি জানান, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রবল বাধার মুখে পড়েছে। তার মতে, এর ফল শিগগিরই আরও স্পষ্ট হয়ে উঠবে।
তিনি আরও বলেন, যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং শিল্পীদের চলমান আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ ও প্রতিবাদেরই প্রতিফলন। একই সঙ্গে বিদেশে সামরিক হস্তক্ষেপের পেছনে বিশাল ব্যয় নিয়ে মার্কিন নাগরিকদের মনে প্রশ্ন দেখা দিচ্ছে।
বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন এই কমান্ডার। বরং এই নীতির কারণে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের ক্লান্তি বাড়ছে, যা দেশ দুটির বর্তমান অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।

