ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো) তাদের প্রি-পেইড মিটার গ্রাহকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কার্যক্রম পরিচালনার জন্য আগামী বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।
ডেসকো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সমস্যা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ‘০৩’ দিয়ে শুরু হয়েছে, কেবল তারাই এই রিচার্জ জটিলতায় পড়তে পারেন। এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট গ্রাহকদের দ্রুত পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেসকোর বিতরণ এলাকার মধ্যে রয়েছে উত্তরা, পল্লবী, মিরপুর, রূপনগর, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, মণিপুর, শাহ আলী, কল্যাণপুর, আগারগাঁও, কাফরুল, ইব্রাহীমপুর, গুলশান, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা, ইস্টার্ন হাউজিং, খিলক্ষেত, বাড্ডা, আফতাবনগর এবং টঙ্গী (পূর্ব ও পশ্চিম) এলাকা।
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

