পোশাক খাতের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই তথ্য জানান।
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি একেবারে নতুন বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা বেতনের প্রস্তাব রাখা হয়েছে। সভা শুরুর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের ৫৫টি সংগঠন মজুরি বৃদ্ধির দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করে।
বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দাখিলের জন্য সাত কার্যদিবস সময় চেয়েছিল, তবে বোর্ড চার কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। এছাড়া বাস্তব পরিস্থিতি যাচাইয়ে চলতি সপ্তাহে বিভিন্ন কারখানা পরিদর্শনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকে যুক্ত করতে পারবেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ কাঠামো অনুযায়ী নির্ধারিত হয়েছিল। নতুন এই সুপারিশ চূড়ান্ত হলে আগামী জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। এই খাতে বর্তমানে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং তাদের জীবনযাত্রার সাথে সমসংখ্যক পরিবারের ভাগ্য জড়িত। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

